
ফাইল ছবি
হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে চারটি মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়েছে হাম, আর বাকি ছয়টি শিশু একই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫১ শিশু।

পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এর মধ্যে ১৫০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২২৫ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন।