
ফাইল ছবি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা অনুযায়ী, শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বর্তমানে এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে এই ‘শিক্ষক পুল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদনের মাধ্যমে এই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানীর ব্যয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ‘অত্যাবশ্যকীয় খাত’ থেকে মেটাতে হবে।

এই আদেশ যথাযথভাবে পালনের জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মনে করে, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষকদের পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা একটি কার্যকর ভূমিকা রাখবে।