
মো. কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত
দেড় দশক আগে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৯ মার্চ সরকার তাঁর বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্বের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে এবং তিনি বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় কোহিনূর মিয়াকে বরখাস্ত করা হলেও একই অভিযোগে করা ফৌজদারি মামলাগুলোতে আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। রাষ্ট্রপতির অনুমোদনে তাঁর শাস্তি পুনর্বিবেচনা করে বাতিল করা হয়েছে।

কোহিনূর মিয়া ২০১১ সালে তৎকালীন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত অবস্থায় বরখাস্ত হন। তিনি বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা এবং ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা।
অতীতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত দুটি মামলার মধ্যে ২০০৬ সালের ধানমন্ডি ঘটনায় এক নারীর নির্যাতনের অভিযোগ এবং ২০০৪ সালের নান্দাইলের নির্বাচনী সহিংসতার মামলা ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উভয় মামলাতেই আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন।
সাম্প্রতিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।