
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার হার এক বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১২১ কোটি ৮০ লাখ বা ১.২১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর মধ্যে শেষ তিন দিনেই এসেছে ২৪ কোটি ডলারের বেশি, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন স্বস্তি যোগ করছে। গত বছরের একই সময়ের তুলনায় এবারের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা দিয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল প্রায় ১০৩ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধির হার অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, গত মার্চ মাসে গড়া নতুন রেকর্ডের ধারাবাহিকতা এপ্রিল মাসেও বজায় রয়েছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতময় পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিরা এক ধরণের অনিশ্চয়তা থেকে দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার সুফলও পাওয়া যাচ্ছে।
এর আগে গত মার্চ মাসে দেশে রেমিট্যান্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড সৃষ্টি হয়। ওই এক মাসেই দেশে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (৩৭৫ কোটি ডলার) রেমিট্যান্স আসে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় যা ছিল প্রায় ১৪ শতাংশ বেশি। মার্চের সেই শক্তিশালী ধারা এপ্রিলের শুরুতেও অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে।