
অভিযুক্ত প্রবাসীর বাড়ির সামনে মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক দুবাইপ্রবাসীর বিরুদ্ধে মুঠোফোনে একাধিক বিয়ে করার অভিযোগ উঠেছে। এই অভিনব প্রতারণার প্রতিবাদে এবং ভুক্তভোগীদের অধিকার আদায়ের দাবিতে রোববার (১২ এপ্রিল) অভিযুক্তের বাড়ির সামনে মানববন্ধন করেছেন স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী।
গতকাল অভিযুক্ত প্রবাসীর বাড়ির সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন প্রতারণার শিকার তরুণীদের পরিবার ও কয়েকশ গ্রামবাসী। এ সময় তারা অভিযুক্তের ছবিসহ বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন এবং ‘বর তুমি কার?’ স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। উপস্থিত বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতারক প্রবাসীর কঠোর শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়লই গ্রামের বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাইয়ে রয়েছেন। তিনি সেখানে থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে একই গ্রামের জিম খাতুন নামে এক কলেজ ছাত্রীকে বিয়ে করেন। কিন্তু সম্প্রতি প্রকাশ পায় যে, বাবু মিয়া একইভাবে পাশের গ্রামের শিরীনা খাতুন নামে আরেক তরুণীকেও মুঠোফোনে বিয়ে করেছেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, “বিদেশে বসে মুঠোফোনের মাধ্যমে একাধিক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নৈতিকভাবে অপরাধ। এই প্রতারণার ফলে পরিবারগুলো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী তরুণীদের ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।