
ফাইল ছবি
চলমান বৈশ্বিক সংকট মোকাবেলা করতে ব্যয় কমানোর অংশ হিসেবে ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। যা ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই আলোকেই মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যা বলবৎ থাকবে।
যে ৯ খাতে ব্যয় কমানো হচ্ছে-

১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
৩. প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৪. সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।
৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনা শতভাগ কমাতে হবে।
৭. সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
৮. আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।
৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।