
ঘটনাস্থলে খাদে পড়ে থাকা ট্রাক। ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থাকা চালের বস্তার মাঝেই ১৩ জন যাত্রী অবস্থান করছিলেন। মূলত কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য তারা পণ্যবাহী এই ট্রাকে চড়েছিলেন। ট্রাকটি উল্টে গেলে তারা চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং অন্তত ৬ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, “ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের নিচে চাপা পড়ে ৭ জন মারা গেছেন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে; তারা আসলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।