
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন করে শক্ত জনসমর্থন পেয়েছেন, যা তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির মোকাবিলা করতে সহায়তা করবে।
সোমবার দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি পার্লামেন্টে ১৭৩টি আসন পেতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য এটি প্রয়োজনীয় আসনের চেয়ে এক বেশি। তবে কুইবেকের একটি আসনের ফলাফল এখনো ঘোষণা হয়নি।
গত কয়েক মাসে বিরোধী দলের পাঁচজন সদস্য লিবারেল দলে যোগ দেওয়ায় কার্নির অবস্থান আরও শক্ত হয়েছে। এছাড়া দুটি বিশেষ নির্বাচনেও জয় পেয়েছে তার দল।

এই ফলাফলের ফলে কার্নি এখন সহজে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। বিশেষ করে ট্রাম্পের শুল্ক নীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল রাখার চাপের বিরুদ্ধে অবস্থান নিতে তাকে সাহায্য করবে।
গত মার্চে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর কার্নি দায়িত্ব নেন। এরপর থেকেই তিনি আন্তর্জাতিকভাবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমালোচনা করে আসছেন।
কার্নি বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করার কৌশল হলো সম্মান বজায় রাখা, তবে অতিরিক্ত নরম না হওয়া।
বিশ্লেষকদের মতে, কার্নির এই শক্তিশালী অবস্থান ভবিষ্যতে কানাডার পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।