
ছবি: সংগৃহীত
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশুর মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট প্রাণ হারিয়েছে ১৬৪ জন। এই এক মাসে মোট হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ১২৯ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি আছেন ১১ হাজার ৬৫২ জন রোগী। তবে আক্রান্তদের মধ্যে সুস্থতার হারও ইতিবাচক; গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা নিশ্চিত করা এবং সংক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নজরদারি বাড়ানোর পাশাপাশি টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে।