
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল সফরের অংশ হিসেবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সন্তোষে পৌঁছে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সন্তোষে মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত বাসভবনটি ঘুরে দেখেন এবং সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
মাজার জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বেলা ১১টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইলে পৌঁছান। সফরের শুরুতেই তিনি শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের ‘কৃষক কার্ড’ পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দুপুরে টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে আয়োজিত ‘বৈশাখী কৃষি মেলা’র উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। বিকেলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি এই মাজার জিয়ারত কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।