
ফাইল ছবি
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আকস্মিক এই ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

আজ রাত ১টা পর্যন্ত এই পূর্বাভাস বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এ সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।