
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস || ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বে—বিশেষ করে মধ্যপ্রাচ্যে—আন্তর্জাতিক আইন মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান আন্তর্জাতিক নিয়ম-কানুনকে উপেক্ষা করা হচ্ছে, যা বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, এই অস্থিরতার কোনো সামরিক সমাধান নেই। টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে কূটনৈতিক আলোচনা। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান তিনি।

গুতেরেস আরও জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে মেনে চলা জরুরি। তা না হলে সংঘাত আরও জটিল আকার নিতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যেই গুতেরেসের এই মন্তব্য এসেছে।