
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯
ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় বেদান্ত লিমিটেড পরিচালিত একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটি লন্ডনে তালিকাভুক্ত বেদান্ত রিসোর্স-এর সহযোগী। ছত্তিশগড় রাজ্যের রাজথানী রায়পুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
জেলার পুলিশ প্রধান জানান, বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি পাইপলাইন ফেটে যাওয়ায় এ বিস্ফোরণটি ঘটতে পারে। এতে অতিরিক্ত উত্তপ্ত বাষ্প ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন।