
সংগৃহীত ছবি
ঘরের মাঠে কঠিন লড়াইয়ের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে স্পোর্টিং সিপির সাথে গোলশূন্য ড্র করলেও, দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিল মিকেল আর্তেতার দল।
প্রথম লেগে কাই হাভার্টজের করা সেই মহামূল্যবান গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সেই লিডকে পুঁজি করেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল গানাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে এখন তাদের মোকাবিলা করতে হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের।
নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে অবশ্য খুব একটা ছন্দে ছিল না আর্সেনাল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গানারদের চাপে রাখে স্পোর্টিং সিপি। ম্যাচের শুরুর দিকেই ত্রিনকাওর একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বড় বিপদ থেকে রক্ষা পায় স্বাগতিকরা। অন্যদিকে, আর্সেনালের ভিক্টর গিয়োকেরেস সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পোর্টিং। ম্যাক্সি আরাউহোর পাস থেকে কাটামোর দুর্দান্ত এক ভলি গোলপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের। এছাড়া আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার একটি ভুলও প্রায় গোল হজমের পরিস্থিতি তৈরি করেছিল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে স্পোর্টিং। তবে আর্সেনালের রক্ষণভাগ আজ ছিল অটল, যার ফলে গোলের দেখা পায়নি পর্তুগিজ ক্লাবটি। পাল্টা আক্রমণে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ননি মাদুয়েক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরও বাড়ে। লিয়ান্দ্রো ত্রোসার্ডের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। আর একদম যোগ করা সময়ে জোয়াও সিমোএসের শট গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা। শেষ পর্যন্ত ১-০ অ্যাগ্রিগেটে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।