
টানা দুই দিনে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দেশটির কাহরামানমারাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে তার ব্যাগে পাঁচটি অস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে স্কুলে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল। সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়, যেখানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

ঘটনার সময় সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে হামলাকারী নিজেও আত্মহত্যা করে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর মুকেরেম উনলুয়ের।
তুরস্কে স্কুলে গুলি চালানোর ঘটনা অত্যন্ত বিরল। তবে টানা দুই দিনে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে। এর আগের দিন মঙ্গলবার দেশটির সানলিউরফা প্রদেশে এক সাবেক শিক্ষার্থী গুলি চালিয়ে অন্তত ১৬ জনকে আহত করার পর আত্মহত্যা করে।