
ঈদে মুক্তিপ্রাপ্ত পরিচালক রায়হান রাফীর আলোচিত সিনেমা প্রেশার কুকার নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহ এখনো তুঙ্গে। চার নায়িকার উপস্থিতি দিয়ে শুরু থেকেই কৌতূহল তৈরি করা এই সিনেমাটি মুক্তির পর নতুনভাবে আলোচনায় আসে, বিশেষ করে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন নাজিফা তুষি।
ছবিতে শবনম বুবলীর উপস্থিতি থাকলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তুষি, যিনি অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

এদিকে সিনেমাটিকে ঘিরে নতুন একটি তথ্যও আলোচনায় এসেছে। জানা গেছে, বুবলী যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। তবে চরিত্রের উপস্থাপন ও গভীরতা পছন্দ না হওয়ায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরবর্তীতে সেই চরিত্রে যুক্ত হন বুবলী।
এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া কাজ করেছেন বুবলী। বিশেষ করে ‘বসগিরি’ সিনেমায় প্রথমে অপু বিশ্বাস যুক্ত থাকলেও পরে সরে দাঁড়ান, আর সেই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। এছাড়া রংবাজ সিনেমাকে ঘিরেই অপু-বুবলীর দ্বন্দ্বের সূচনা হয়েছিল বলে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একটি সিনেমার জন্য একাধিক শিল্পীর কাছে প্রস্তাব দেওয়া চলচ্চিত্রজগতে স্বাভাবিক বিষয়। কোনো শিল্পীর কাছে গল্প বা চরিত্র গ্রহণযোগ্য না হলে তা ফিরিয়ে দেওয়া অস্বাভাবিক নয়।
নায়কবিহীন এই সিনেমায় আরও অভিনয় করেছেন স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। চার নারীর সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।
ইমপ্রেস টেলিফল্মের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। সব মিলিয়ে ‘প্রেশার কুকার’ এখন শুধু পর্দার গল্প নয়, পর্দার বাইরের নানা ঘটনা নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।