
ফাইল ছবি
দেশের প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের নিয়োগসংক্রান্ত মামলার জটিলতা নিরসনে কাজ চলছে। এসব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

এছাড়া শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি বিশেষ ‘পুল’ গঠন করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
পাবলিক পরীক্ষার সময় যেন নিয়মিত পাঠদান ব্যাহত না হয়, সে লক্ষ্যেও নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।