
ছবি: সংগৃহীত
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এই বৈদ্যনাথতলাকেই পরে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে।
তবে রাষ্ট্রপতি অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। মেহেরপুর হয়ে ওঠে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী।

মুজিবনগর সরকারের এই ঐতিহাসিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে পাকিস্তানি বিমানবাহিনী মেহেরপুর দখল করে নেয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে সরকারের প্রতিনিধিরা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধের মূল কার্যক্রম ও রণকৌশল পরিচালনা করতে থাকেন।
এই সরকারের সুযোগ্য ও সুসংগঠিত নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে এক গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে।