
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাত থেকে চালানো এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে একটি ড্রোন ১৮ তলা আবাসিক ভবনে আঘাত হানলে এক শিশুসহ চারজন নিহত হন। কিয়েভজুড়ে অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে জরুরি সেবা বিভাগের কর্মী ও পুলিশ সদস্য রয়েছেন।
এছাড়া ওদেসায় ৮ জন এবং দনিপ্রো শহরে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওদেসার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, সেখানে আবাসিক ভবনের পাশাপাশি বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মস্কো দাবি করেছে, তারা ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
রাশিয়ার এই হামলার জবাবে ইউক্রেনও পাল্টা আঘাত হেনেছে। রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং রাশিয়ার তুয়াপসে অঞ্চলের তেল শোধনাগার ও বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
রুশ গণমাধ্যমের দাবি, তুয়াপসে ইউক্রেনের হামলায় এক কিশোরীসহ দুজন নিহত হয়েছেন। তুয়াপসে বন্দরটি রাশিয়ার তেল ও কয়লা রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।