
ছবি: সংগৃহীত
ইউরোপের দেশ স্পেন তাদের দেশে অনিয়মিতভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্পেনের মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি ডিক্রি অনুমোদিত হয়। এর ফলে দেশটিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা সশরীরে আবেদন করতে চান, তারা আগামী ২০ এপ্রিল থেকে নির্দিষ্ট অফিসগুলোতে যেতে পারবেন। পুরো প্রক্রিয়াটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
আবেদনের প্রধান শর্ত হলো—আবেদনকারীকে ১ জানুয়ারি ২০২৬-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং অন্তত ৫ মাস সেখানে বসবাসের প্রমাণ দেখাতে হবে। এছাড়া আবেদনকারীর কোনো অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড থাকা চলবে না। এই প্রক্রিয়ায় বৈধতা পেলে নাবালক সন্তানরাও সরাসরি ৫ বছরের জন্য আইনি মর্যাদা পাবে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই পদক্ষেপকে ‘ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, স্পেনের সমৃদ্ধি বিদেশিদের শ্রমের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যারা ইতিমধ্যে কাজ করছেন, তাদের সমান অধিকার দেওয়া এবং কর ব্যবস্থার আওতায় আনা দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক। বিশেষ করে কৃষি, পর্যটন এবং সেবা খাতের শ্রমঘাটতি দূর করতেই এই সিদ্ধান্ত।
ইউরোপের অন্যান্য দেশ যখন অভিবাসন নীতি কঠোর করছে, তখন স্পেনের এমন মানবিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘোষণার পর স্পেনে থাকা বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।