
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধলেন অভিনেত্রী সাবিলা নূর। ছোটপর্দা থেকে বড়পর্দায় আলোচনায় থাকা এই অভিনেত্রীকে শাকিবের বিপরীতে দেখা যাবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোম্যান্টিক সিনেমা ‘রকস্টার’-এ।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান নিজের ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেন। এরপর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

পোস্টারে সবুজে ঘেরা মনোরম পরিবেশে রোম্যান্টিক আবহে দেখা যায় শাকিব খান ও সাবিলা নূরকে। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও আবেগঘন সেই মুহূর্ত উপভোগ করছেন।
পোস্টারের ক্যাপশনে একটি গানের লিরিকও যুক্ত করা হয়—‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…’।
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ চলছে। ইতোমধ্যে সিনেমাটির অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে।