
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে তা পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপির
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছেন গুতেরেস। এ চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।’

তিনি বলেন, ‘এই সাময়িক যুদ্ধবিরতি চলমান সংঘাত কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ সুগম করবে।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে হবে।’
তিনি জানান, এ আহ্বান ইসরাইল ও লেবাননের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ, যেমন- সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য।