
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সামাজিক যোগাযোগমাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সচেতনভাবে ভাবতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে নানা ধরনের আলোচনা-সমালোচনা থাকবে। সংসদের বক্তব্য, রাজপথের ভাষণ, টেলিভিশনের টকশো—সবকিছুই অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। তবে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম।

তিনি বলেন, বর্তমানে সবাই কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার প্রভাবে রয়েছে। তাই এসব বিষয় বুঝে-শুনে গ্রহণ করতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। কারণ, সোশ্যাল মিডিয়া সবসময় ইতিবাচক বিষয় সামনে আনে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, এসব কারণে হতাশ না হয়ে নতুন উদ্যোগ ও স্বপ্ন নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি। মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং অনেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
তবে দেশের বিভিন্ন খাতে অগ্রগতির কথা তুলে ধরে তিনি খাদ্য ঘাটতি কাটিয়ে ওঠায় আশাবাদও প্রকাশ করেন।