
ইরানের কৌশলগত বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকলে তেহরান ‘প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
সম্প্রতি ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার ইঙ্গিত দিলেও ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ এখনই প্রত্যাহার করা হবে না।

এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ চালিয়ে যায়, তাহলে ইরানও নীরব থাকবে না। জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যের ধারাবাহিকতায় বাঘাই কয়েকটি শর্তও তুলে ধরেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের নির্দেশিত নির্ধারিত পথ অনুসরণ করতে হবে।
তিনি আরও দাবি করেন, ইরান নিজেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ মনে করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নমনীয়তা দেখাতে প্রস্তুত। তবে সেই নমনীয়তা একতরফা হবে না বলেও সতর্ক করেন তিনি।