
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও বাতিলের ধারা এখনো অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ এপ্রিল) এই দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত বিভিন্ন এয়ারলাইনসের মোট নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের আসা-যাওয়া মিলিয়ে দুটি ফ্লাইট রয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়ার শারজাহ রুটের চারটি (আসা-যাওয়া) এবং সালাম এয়ারের মাস্কাট রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
তবে কিছু ফ্লাইট বাতিল হলেও আকাশপথে যাত্রী চলাচলে আগের তুলনায় স্বস্তি ফিরতে শুরু করেছে। গত দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১২টি এবং বহির্গামী ১১টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের স্থবিরতা অনেকটাই কেটে গেছে। তবে চট্টগ্রাম-দোহা রুটে এখনো বিমান চলাচল শুরু হয়নি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে ফ্লাইট শিডিউল পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে। যদিও গত দুই দিনে ৯টি ফ্লাইট বাতিল হয়েছে, তবে একই সময়ে ২৩টি ফ্লাইট পরিচালিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে বাতিলের সংখ্যা শূন্যে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।