
মস্কো চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আশনা হাবিব ভাবনা
৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারই প্রথম নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ আসরে যোগ দিয়েছেন তিনি, যা নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
ভাবনা অভিনীত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। পরিচালক আসিফ ইসলামসহ ইতোমধ্যে মস্কো পৌঁছেছেন তিনি। গত বৃহস্পতিবার লালগালিচাতেও অংশ নেন এই অভিনেত্রী।
আজ শনিবার চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আন্তর্জাতিক অঙ্গনের নির্মাতা, সমালোচক ও প্রযোজকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এই অর্জনে আবেগাপ্লুত ভাবনা বলেন, দেশের প্রতিনিধিত্ব করে নিজের অভিনীত সিনেমা নিয়ে মস্কো উৎসবে অংশ নিতে পারা তাঁর জন্য গর্বের বিষয়। বাংলাদেশের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার এটি বড় সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেও তখন তাঁর কোনো সিনেমা প্রদর্শিত হয়নি। তাই এবার নিজের সিনেমা নিয়ে মস্কো উৎসবে অংশগ্রহণকে তিনি ভিন্ন মাত্রার অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া ভাবনা পরে ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’, ‘পায়েল’ ও ‘ইতি চিত্রা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমা প্রদর্শিত হওয়ায় নতুন এই অর্জনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।