
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) কোয়েম্বাটুর জেলার ভালপারাই পাহাড়ি এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গাড়ির চালকসহ আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ জন যাত্রী নিয়ে গাড়িটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি সড়ক দিয়ে নামছিল। পথে ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কের পাশের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে সরাসরি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থলেই ৮ জন মারা যান, যাদের মধ্যে ৭ জন নারী ও ১ জন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন। তারা ভালপারাই ভ্রমণে গিয়ে বাড়ি ফিরছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন:
”তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
কোয়েম্বাটুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
