
শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি
কয়লা আমদানিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি। গতকাল শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মূলত দেশের বৃহত্তম ৯০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে নিম্নমানের কয়লা সরবরাহের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একটি সরকারি নিরীক্ষায় (অডিট) দেখা গেছে, নিম্নমানের কয়লার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চলতে না পারায় সরকারকে চড়া দামে ডিজেল কিনে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে।
দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে এই ঘটনায় একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ রাখার স্বার্থেই মন্ত্রী জয়াকোডি এবং মন্ত্রণালয়ের শীর্ষ আমলা পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে কয়লা ক্রয়ের যাবতীয় বিষয় তদন্ত করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। ন্যাশনাল অডিট অফিসের তথ্যমতে, নিম্নমানের কয়লা সরবরাহের কারণে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থার সরাসরি ক্ষতি হয়েছে প্রায় ২.২৪ বিলিয়ন রুপি। তবে বিরোধী দলের দাবি, কয়লার অভাবে ডিজেল ব্যবহার করতে গিয়ে সরকারের প্রকৃত ক্ষতির পরিমাণ প্রায় ৮ বিলিয়ন রুপি বা ২৬ মিলিয়ন ডলার।
