
কিংবদন্তি সাধক ও শিল্পী কানাই দাস
ভারতীয় বাউল সংগীতের কিংবদন্তি সাধক ও শিল্পী কানাই দাস বাউল মারা গেছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরে তিনি ক্রনিক অ্যাজমা, ডায়াবেটিস এবং সর্বশেষ যক্ষ্মা (টিবি) রোগে ভুগছিলেন। প্রখ্যাত নির্মাতা রঞ্জন পালিত সামাজিক যোগাযোগমাধ্যমে এই আধ্যাত্মিক শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জন্মসূত্রে দৃষ্টিহীন হলেও কানাই দাস বাউল অন্তর্দৃষ্টি দিয়ে জয় করেছিলেন বিশ্ব। একতারা হাতে গ্রামবাংলার মেলা আর আখড়ায় তার কণ্ঠে শোনা যেত মানবতার অমিয় বাণী— “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। তার জনপ্রিয় গান ‘কে বলে মানুষ মরে’ আজো ভক্তদের হৃদয়ে দোলা দেয়।

২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার বিখ্যাত গ্রন্থ ‘নাইন লাইভস’-এ এই শিল্পীকে নিয়ে একটি স্বতন্ত্র অধ্যায় রচনা করেছিলেন।
ভক্তদের কাছে ‘কানাই বাবা’ হিসেবে পরিচিত এই শিল্পীর প্রয়াণে বাউল জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। তার গান ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে বলে মনে করছেন সংস্কৃতি কর্মীরা।