
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির অনেকগুলো শর্তে বর্তমান সরকার একমত না-ও হতে পারে। আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধুমাত্র তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও নিজস্ব সিদ্ধান্ত আছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এ আলোচনা আরো ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত চলতে পারে। তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এটি দাতা সংস্থাগুলোর কাছেও ইতিবাচকভাবে প্রশংসিত হয়েছে।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির তুলনায় বাংলাদেশে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হওয়ার কথা উল্লেখ করেন।
মূল্যস্ফীতি বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে— সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসবেন।