
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ১৭ ও ১৮ এপ্রিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী এক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। `বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন’ শিরোনামের এই আয়োজনে সংগীতের মাধ্যমে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দুই দেশের উৎসব, সংস্কৃতি ও সংগীতের গভীর মিল ও ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়।

এই আয়োজনটি বাস্তবায়িত হয় একটি পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে, যেখানে সহযোগিতা করে এইচএসবিসি বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত প্রাচীন এবং তা ভৌগোলিক সীমানার চেয়েও গভীর। একই মঞ্চে দুই দেশের গুণী শিল্পীদের উপস্থিতি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার এক শক্তিশালী নিদর্শন বলে তিনি উল্লেখ করেন।
এই সাংস্কৃতিক আয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল