
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এবার প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরানকে শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটি ইরানের ‘শেষ সুযোগ’।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান যদি এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।”

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এবার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন না জেডি ভ্যান্স। যদিও প্রথম দফার আলোচনায় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন।
এবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “শুধু নিরাপত্তার কারণেই ভ্যান্স এই সফরে যাচ্ছেন না।”
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তার সফর বাতিল করা হয়েছে।
এদিকে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তি ইরান গ্রহণ না করলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।