
ফাইল ছবি
ডিজেলের দাম লিটারপ্রতি বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর বিষয়ে রোববার রাত পর্যন্ত বৈঠক হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক চলে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও ব্যয় বিশ্লেষণের নথিতে সদস্যরা সই না করায় সিদ্ধান্ত ঝুলে যায়। বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, সোমবার সকালে সুপারিশ চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অনুমোদন মিললে একইদিনে প্রজ্ঞাপন জারি হতে পারে।
মালিক সমিতির দাবি, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি বাসের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, শ্রমিক মজুরি ও করসহ সব ধরনের পরিচালন ব্যয় বেড়েছে। তাই নতুন ভাড়ায় এসব ব্যয়ের সমন্বয় প্রয়োজন।

অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে, আগের দুই দফায় ডিজেলের দাম কমলেও বাসভাড়া সামান্য কমানো হয়েছিল। তাই এবার ডিজেলের নতুন মূল্যবৃদ্ধি ও অন্যান্য খরচ বিবেচনায় ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ানো উচিত নয়।
বর্তমানে নগর পরিবহনে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা এবং দূরপাল্লার ৫১ আসনের বাসে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে।