
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিরুধুনগরের কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কারখানায় আতশবাজির রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের ফলে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার অন্তত চারটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন উদ্ধার কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারখানাটিতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।