
ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালির কাছে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তুসকা’নামক জাহাজটি আটকের পর ভিডিও প্রকাশ করেছে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই অভিযানের ফুটেজটি পোস্ট করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের উদ্দেশে যাচ্ছিল। ইঞ্জিন কক্ষ খালি করতে টানা ছয় ঘণ্টা বারবার সতর্ক করা হলেও জাহাজটি তা উপেক্ষা করে।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় ছয় ঘণ্টা ধরে জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা মানতে অস্বীকৃতি জানায়। এরপরই কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে জাহাজটিতে নেমে এর নিয়ন্ত্রণ নেয়।
এদিকে মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয় বলে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘তুসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু জাহাজের ক্রুরা তা মানতে অস্বীকার করলে মার্কিন নৌবাহিনী ইঞ্জিন কক্ষে গোলা ছুড়ে জাহাজটি থামিয়ে দেয়। পরে মেরিন সেনারা জাহাজটি নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালান।
এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ সোমবার ভোরে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানগামী একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
ইরানের খাতাম আল আম্বিয়ার মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।’