
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
বৈঠকে সৌদি আরবে থাকা মোট ৬৯ হাজার মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) পাসপোর্ট ইস্যুর বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।
রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এই প্রক্রিয়াটি দ্রুত শেষ করার ওপর জোর দিলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাকিদের কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে ইতিমধ্যে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে।

তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যাদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এবং যারা শর্ত পূরণ করবে, তাদেরই দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। এছাড়া সৌদি আরব থেকে পাওয়া পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। মন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং জনশক্তি রফতানি ছাড়াও দেশের জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।