
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা এই তথ্য নিশ্চিত করেছেন।
নুরুন্নেসা সিদ্দিকা জানান, জোটগত সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী নিজেদের জন্য ৮টি আসন রেখেছে এবং জোটের স্বার্থে বাকি ৫টি আসন শরিক দল ও বিশেষ প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছে। বিশেষ এই তালিকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এক শিশুর মা-কেও মনোনয়ন দেওয়া হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী মনোনীত ১৩ জন প্রার্থী হলেন:
জামায়াতে ইসলামী (৮ জন): নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি (২ জন): মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু।
জাগপা: দলীয় চেয়ারম্যান তাসমিয়া প্রধান।
বাংলাদেশ খেলাফত মজলিস: নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।
বিশেষ ক্যাটাগরি: জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধি অনুযায়ী, প্রাপ্ত আসনের আনুপাতিক হারে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন লাভ করেছে। অন্যদিকে, সংসদের প্রধান দল বিএনপি মোট ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৩৬টি আসন পেয়েছে।