
আইবিসিসিআই ৫০০টিরও বেশি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর নবনিযুক্ত পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়।
আইবিসিসিআই ৫০০টিরও বেশি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে। বৈঠকে হাইকমিশনার সংস্থাটির ভূমিকার প্রশংসা করে দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরের ওপর জোর দেন।
তিনি বলেন, বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব, বিনিয়োগ এবং ভ্যালু চেইন সংযুক্তির মাধ্যমে ভবিষ্যতমুখী সহযোগিতায় রূপ দিতে হবে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব দেওয়ার সক্ষম দেশ হিসেবেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির নতুন ব্যবস্থা এবং স্থল শুল্ক বন্দরগুলোতে অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়, যা আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করবে।
সভায় উভয় পক্ষ বাংলাদেশ- ভারত অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল