
বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন ব্যবস্থায় আগের মতো আলাদা শিক্ষক নিবন্ধন সনদ পরীক্ষার পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এই ধাপে উত্তীর্ণ হলে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। দুই ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, এই পদ্ধতিতে প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৭৭ হাজার ৭৯৯টি পদ খালি রয়েছে। যাচাই শেষে এসব পদই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হবে।
নতুন পদ্ধতিতে এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের এনটিআরসিএ নিয়োগ সনদ প্রদান করবে।
বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার শিক্ষক এবং ২ লাখ ৬ হাজারের বেশি কর্মচারী কর্মরত রয়েছেন।