
নিহত নুর করিম ফরহাদ। ছবি: সংগৃহীত
সৌদি আরবের নাজরান শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান মিয়ার ছেলে। আহত মো. জুয়েল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা। পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরহাদ। সম্প্রতি তিনি নূর হোসেন নামে পরিচিত এক যুবককে দেশ থেকে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ফরহাদসহ তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল ও হোসেন বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু বলেন, ফরহাদের অকাল মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।