
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল উত্তেজনা ও সংঘাত শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছে। সোমবার (২০ এপ্রিল) লেবানন সরকারের দেওয়া এক নিয়মিত তথ্যে এই ভয়াবহ পরিসংখ্যান উঠে এসেছে।
লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের তথ্যমতে, গত মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় অন্তত ২ হাজার ৩৮৭ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭ হাজার ৬০২ জন।
গত শুক্রবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই বিরতির সুযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো ইসরায়েলি হামলার শিকার হওয়া বিধ্বস্ত এলাকাগুলো থেকে নতুন করে মরদেহ উদ্ধার করছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে লেবাননের সীমান্ত ও জনপদ লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালীন উদ্ধার অভিযান জোরদার করায় একের পর এক লাশের সন্ধান মিলছে। এই মানবিক বিপর্যয় মোকাবিলায় লেবানন সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে।