
অনুষ্ঠানে ডিসি ছিলেন কনে পক্ষের আমন্ত্রিত অতিথি
হরিজন সম্প্রদায়ের মা হারা এতিম মেয়ের বিয়েতে অংশ নিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসকের এমন ব্যাতিক্রমি আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। পাশাপাশি জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার এমন অপ্রত্যাশিত উপস্থিতি ‘অচ্ছুত’ খ্যাত হরিজনদের মধ্যে আনন্দের হাসি ফোটায়।
হরিজন সম্প্রদায় হলো দক্ষিণ এশিয়ার একটি অনগ্রসর ও দলিত জনগোষ্ঠী, যাদের ঐতিহ্যগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সুইপারের পেশায় নিয়োজিত থাকার কারণে ‘মেথর’ বা ‘ডোম’ হিসেবে ডাকা হয়।
অনুষ্ঠানে ডিসি ছিলেন কনে পক্ষের আমন্ত্রিত অতিথি। কনে শ্রীমতী প্রীতি রানী বাসফোর এর পিতা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগরের একজন কর্মী। দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার স্ত্রী প্রয়াত সীমা রানি বাসফোরও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তারা তাদের মেয়ে প্রীতি রানি বাসফোরকে শিক্ষিত করেছেন এবং তিনি এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক গাজীপুর বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থান নির্বিশেষে রাষ্ট্র সবাইকে সমানভাবে আসীন করেছে। কাজেই আমরা সকল শ্রেণি পেশার মানুষকে একত্রে নিয়ে এগিয়ে যেতে চাই। গাজীপুরকে একটি সমতা ও ঐক্যের জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করছি।’