
নিহত আবু নাছের শামীম। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় আবু নাছের শামীম (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। বাড়িতে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের সাথে তার বাবার বিরোধ তৈরি হয়েছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে ফের মনোমালিন্য দেখা দেয়। নিরাপত্তার শঙ্কায় তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস ও নিরাপত্তাকর্মীও নিয়োগ দিয়েছিলেন। ঘটনার দিন দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সাথে কথা বলার সময় সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৬-৭ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার সুষ্ঠু তদন্ত ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।