
তিন দেশে মোট পাঁচটি বিষাক্ত জার শনাক্ত করা হয়েছে
ইউরোপের তিন দেশ— অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ মেশানোর চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। জার্মানির বিখ্যাত শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এইচআইপিপি’ (HiPP) জানিয়েছে, তারা বড় ধরনের ব্ল্যাকমেইলের শিকার হয়েছে।
ইতিমধ্যে তিন দেশে মোট পাঁচটি বিষাক্ত জার শনাক্ত করা হয়েছে। অস্ট্রিয়ার খাদ্য নিরাপত্তা সংস্থা ‘এজিইএস’ (AGES) এ বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং বাজার থেকে নির্দিষ্ট ব্যাচের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
জার্মানির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোম্পানিকে ইমেইল পাঠিয়ে নির্দিষ্ট জারে বিষ মেশানোর কথা স্বীকার করেছে। তদন্তে দেখা গেছে, ১৯০ গ্রাম ওজনের গাজর ও আলুর শিশু খাদ্যে ইঁদুরের বিষ মেশানো হয়েছে।

চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার বিভিন্ন দোকান থেকেও এমন বিষাক্ত জার উদ্ধার করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কারখানার বাইরে কোনো অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে।
কর্তৃপক্ষ অভিভাবকদের সতর্ক করে বলেছে, জার খোলার সময় যদি স্বাভাবিক ‘পপ’ শব্দ না হয় বা ঢাকনা ক্ষতিগ্রস্ত থাকে, তবে যেন সেই খাবার শিশুকে না খাওয়ানো হয়।