
লালদীঘি সংলগ্ন মোড়ের নাম ‘আবদুল জব্বার চত্বর’ রাখা হয়েছে এবং সেখানে বলীখেলার স্মারক টেরাকোটা স্থাপন করা হয়েছে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর আগামী ২৫ এপ্রিল, শনিবার নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত লালদীঘি মাঠ ও আশপাশের এলাকায় বসবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে এ বলীখেলার সূচনা করেন, যা এখন চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসব।
এদিকে, লালদীঘি সংলগ্ন মোড়ের নাম ‘আবদুল জব্বার চত্বর’ রাখা হয়েছে এবং সেখানে বলীখেলার স্মারক টেরাকোটা স্থাপন করা হয়েছে, যা একই দিনে উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে উদ্বোধক থাকবেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
আয়োজকরা জানান, এসএসসি পরীক্ষার কারণে মেলার সময়সূচিতে কিছু পরিবর্তন এনে ২৬ এপ্রিল ভোরের মধ্যে মেলা শেষ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, ড্রোন নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহলসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেলায় শতাধিক স্টলে খেলনা, খাবার, পোশাক ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। আয়োজকরা বলীখেলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি আবদুল জব্বার সওদাগরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।