
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ
বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার দীর্ঘদিনের গণদাবি এবার জাতীয় সংসদে তুলে ধরেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব ও প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনা করে নোয়াখালীকে দ্রুত বিভাগে উন্নীত করার আহ্বান জানান।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তাঁর বক্তব্যে বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার জন্য ১৯৯৪ সাল থেকে এই অঞ্চলের সর্বস্তরের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বাংলাদেশের মানচিত্রে এই অঞ্চলের একটি স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি রয়েছে। অথচ কয়েক দশক ধরে এই যৌক্তিক দাবিটি উপেক্ষিত হয়ে আসছে।
নোয়াখালীকে বাংলাদেশের অন্যতম পুরনো জেলা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ব্রিটিশ শাসন আমলে এর ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বের কারণেই এখানে একটি বড় বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছিল। এছাড়া এই অঞ্চলে এক সময় ‘ভুলুয়া’ নামক বিখ্যাত নদী বন্দর ছিল, যা তৎকালীন দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদী বন্দর হিসেবে পরিচিত ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এই অঞ্চলটি তাঁর প্রাপ্য উন্নয়ন ও প্রশাসনিক কাঠামো থেকে বঞ্চিত হয়েছে।

আবদুল হান্নান মাসউদ দেশের ক্রান্তিকালে নোয়াখালীবাসীর বীরত্বগাথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে এ অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এত গৌরবোজ্জ্বল ইতিহাস থাকা সত্ত্বেও রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই জনপদটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে।
তিনি দাবি করেন, নোয়াখালীকে বিভাগে রূপান্তর করলে এই অঞ্চলের প্রশাসনিক গতিশীলতা বাড়বে এবং কয়েক দশকের পুঞ্জীভূত বৈষম্য দূর হবে। তৃণমূলের মানুষের প্রাণের এই দাবিটি বাস্তবায়নে তিনি সরকারের শীর্ষ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।