
এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক তদন্ত শুরু হয়। এতে উঠে আসে একটি গোপন সরবরাহ চেইন
চীনে এক গ্রাহকের কেনা নিম্নমানের জন্মদিনের কেক ঘিরে অভিযোগ থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছে দেশের ফুড-ডেলিভারি খাতের বড় ধরনের অনিয়ম। এই ঘটনায় হাজার হাজার ভুয়া বা “ঘোস্ট” খাদ্য বিক্রেতার অস্তিত্ব ধরা পড়েছে এবং বড় বড় প্রযুক্তি কোম্পানির ওপর আরোপ করা হয়েছে বিপুল অঙ্কের জরিমানা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে বেইজিংয়ের লিউ নামের এক ব্যক্তি অনলাইনে একটি জন্মদিনের কেক অর্ডার করেন। কিন্তু কেকটি পাওয়ার পর তিনি হতাশ হন—এতে এমন একটি ফুল ব্যবহার করা হয়েছিল যা খাওয়ার অযোগ্য। পরে তিনি বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান।
তদন্তে বেরিয়ে আসে, ওই কেক সরবরাহকারী প্রতিষ্ঠানটি আসলে একটি ভুয়া চেইন, যার নামে প্রায় ৪০০টি শাখা দেখানো হলেও বাস্তবে কোনো দোকানই ছিল না। তারা জাল খাদ্য লাইসেন্স ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল।

এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক তদন্ত শুরু হয়। এতে উঠে আসে একটি গোপন সরবরাহ চেইন—যেখানে কোনো বিক্রেতা গ্রাহকের কাছ থেকে অর্ডার নিয়ে তা আবার অন্য একটি প্ল্যাটফর্মে কম দামে তৈরি করার জন্য নিলামে তুলে দেয়। সর্বনিম্ন দরদাতা সেই অর্ডার পূরণ করে, ফলে খাবারের মান ও স্বাস্থ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার তথ্য অনুযায়ী, এভাবে ৬৭ হাজারের বেশি ‘ঘোস্ট’ বিক্রেতা চিহ্নিত হয়েছে, যারা মোট ৩৬ লাখেরও বেশি কেক বিক্রি করেছে।
চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন’ জানায়, সাতটি বড় ডেলিভারি প্ল্যাটফর্ম—যার মধ্যে রয়েছে পিডিডি (Temu-এর মালিক), আলিবাবা, বাইটড্যান্সের ডৌইন, মেইতুয়ান এবং জেডি ডটকম—গ্রাহক সুরক্ষা ও বিক্রেতাদের লাইসেন্স যাচাইয়ে ব্যর্থ হয়েছে।
এই কারণে মোট ৩.৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫২৮ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে, যা ২০১৫ সালে খাদ্য নিরাপত্তা আইন সংশোধনের পর সর্বোচ্চ। তদন্তে অসহযোগিতা ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে সবচেয়ে বেশি ১.৫ বিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে পিডিডিকে।
১০ মাসব্যাপী এই তদন্তে আরও উঠে এসেছে তীব্র মূল্য প্রতিযোগিতার নেতিবাচক প্রভাব। কম দামে পণ্য বিক্রির চাপের কারণে অনেক প্রতিষ্ঠান খাবারের মান কমিয়ে দিচ্ছে, যা পুরো শিল্পকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। চীনে এই প্রবণতা ‘নেইজুয়ান’ বা ‘ইনভল্যুশন’ নামে পরিচিত।
একটি উদাহরণে দেখা যায়, একজন গ্রাহক ২৫২ ইউয়ান দিয়ে একটি কেক কিনলেও সেটি পরে ১০০, ৯০ এবং ৮০ ইউয়ানে দরপত্রে তোলা হয়। শেষ পর্যন্ত ৮০ ইউয়ানে তৈরি করা কেক সরবরাহ করা হয়। এতে মধ্যস্বত্বভোগী বড় অংশের অর্থ রেখে দেয়, প্ল্যাটফর্ম নেয় প্রায় ২০ শতাংশ, আর প্রকৃত প্রস্তুতকারকের হাতে থাকে মাত্র ৩০ শতাংশ।