
সংগৃহীত ছবি
ভারতের উত্তরাখণ্ডে ঐতিহ্যবাহী চারধাম যাত্রা শুরু হতেই গঙ্গোত্রী মন্দির কমিটির এক নতুন সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো অ-হিন্দু দর্শনার্থী গঙ্গোত্রী ধামে প্রবেশ করতে চাইলে তাকে ‘পঞ্চগব্য’ পান করতে হবে। এই মিশ্রণের অন্যতম উপাদান গোমূত্র।
মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা ও মন্দিরের পবিত্রতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চগব্যে গরুর দুধ, দই, ঘি, গঙ্গাজল, গোমূত্র ও গোবর ব্যবহার করা হয়।
যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল বলেন, সনাতন ধর্মে বহু আচার-অনুষ্ঠানে পঞ্চগব্য ব্যবহারের ঐতিহ্য রয়েছে। ধর্মের প্রতি শ্রদ্ধাহীন মানুষের ভিড় এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটিও অ-হিন্দুদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, দেবভূমির পবিত্রতা ও মন্দিরের মৌলিক চরিত্র রক্ষায় এই ব্যবস্থা জরুরি। প্রয়োজনে দর্শনার্থীদের ধর্মীয় পরিচয় সংক্রান্ত হলফনামা বা বিশেষ নথি জমা দিতে হতে পারে।
তবে চারধামের অন্য কেন্দ্র যমুনোত্রী মন্দির কমিটি তুলনামূলক উদার অবস্থান নিয়েছে। তারা ‘অতিথি দেবো ভব’ নীতি অনুসরণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীকে স্বাগত জানানোর কথা জানিয়েছে।
বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীকে ঘিরে গঠিত চারধাম যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। তবে অ-হিন্দুদের প্রবেশ নিয়ে ভিন্নধর্মী এসব সিদ্ধান্ত ইতোমধ্যে আইনি ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে।