
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জ্বালানির মূল্যবৃদ্ধির পরপরই বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তোলে মালিক ও শ্রমিকপক্ষ। তবে সরকারি ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েকটি স্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা রয়েছে।
এদিকে বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হার নির্ধারণ করা হবে।