
ওয়াসা স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসা স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের নাম রাকিব ও তুষার।
এই ঘটনায় সাগর ও এরশাদ নামে আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিনো হাইড্রো’র অধীনে গভীর রাতে পাইপ বসানোর জন্য মাটি খননের সময় হঠাৎ চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।